পিপিডির সম্মেলনে মা ও শিশুর মৃত্যুহার কমিয়ে আনার প্রতিশ্রুতি
মা ও শিশুমৃত্যুর হার আরও কমিয়ে আনার প্রতিশ্রুতি এসেছে পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (পিপিডি) সম্মেলন থেকে। আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬টি দেশের এই মোর্চার প্রতিনিধিরা নিজ নিজ দেশের বিভিন্ন উদ্যোগের কথা জানান এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। পিপিডির ১২তম এই সম্মেলন উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মা ও শিশুর পাশাপাশি কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি এবার নতুন করে যুক্ত হয়েছে।
ঢাকার এই সম্মেলনে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে মিল রেখে তিনটি বিষয়ের দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। এগুলো হলো সারভাইভ (বেঁচে থাকা), থ্রাইভ (বিকশিত হওয়া) এবং ট্রান্সফরমেশন (রূপান্তর বা পরিবর্তন)। পিপিডি মায়ের মৃত্যুহার প্রতি লাখে ৭০, জীবিত জন্ম নেওয়া প্রতি হাজার নবজাতকের মধ্যে মৃত্যুহার ১২ এবং পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ২৫-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ম্যালেরিয়া, যক্ষ্মা, এইচআইভি-এইডস পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার কথাও বলা হয়েছে। বিকশিত হওয়ার সময় কেউ যেন অপুষ্টিতে না ভোগে, প্রত্যেকে যেন সুস্থ যৌন ও প্রজননসেবা সহজে পেতে পারে এবং সবাই যেন সুলভে স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করার উদ্যোগ নেবে রাষ্ট্রগুলো। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, নারী, শিশু ও কিশোর-কিশোরীরা যেন এই সেবার পূর্ণ সদ্ব্যবহার করতে পারে সে জন্য দারিদ্র্য দূর করা, সবার জন্য প্রাথমিক শিক্ষা, ÿক্ষতিকর আচার-অনুষ্ঠান থেকে দূরে থাকতে সামাজিক পরিবর্তন, বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নেবে রাষ্ট্রগুলো।
বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক কীভাবে দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভূমিকা রাখছে, তার উল্লেখ করেন স্পিকার। তিনি আরও বলেন, ২০১০ সালে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ‘এভরি উইম্যান, এভরি চাইল্ড’ নীতি মেনে চলতে সব দেশকে এগিয়ে আসার অনুরোধ করেছিলেন। নতুন করে এর সঙ্গে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা যুক্ত করাটা খুবই সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেন তিনি।
চীনের স্বাস্থ্যমন্ত্রী ওয়াংপিয়ান অন্য দেশগুলোও চীনের অর্থনৈতিক উন্নতির ভাগীদার বলে মন্তব্য করেন। তিনি বলেন, স্কুল ও হাসপাতাল নির্মাণে চীন সাহায্য করতে ইচ্ছুক।
কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার বিষয়টি গত বছর ভারত তার স্বাস্থ্যনীতিতে অন্তর্ভুক্ত করেছে বলে জানান ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নদ্দ। তবে পিপিডির শক্তি পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
নারীরা যেন হাসপাতালে এসে সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন, সে জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
স্বাস্থ্য খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, অগ্রগতি যে সম্ভব, তা সারা বিশ্ব দেখেছে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি আরও বলেন, ইউএসএআইডি বাংলাদেশের অগ্রগতিতে কাজ করেছে এবং সহযোগিতা অব্যাহত রাখবে।