পিপিপি আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) আইন, ২০১৩-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি কুমিল্ল্লা ও বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইনের খসড়া।
গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
পিপিপি আইনের খসড়া প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, প্রস্তাবিত আইনে চুক্তির মেয়াদ, বাতিল-কার্যকর, বিরোধ নিষ্পত্তি কীভাবে হবে তা উল্লেখ রয়েছে। আইনে সাতটি অধ্যায় ও ৬৮টি ধারা সন্নিবেশ করা হয়েছে। যেখানে বেসরকারি বিনিয়োগ লাভজনক হবে না, সেখানেই পিপিপির অধীনে কাজ হয়ে থাকে। কারণ, পিপিপির মাধ্যমে আয় হতে হবে। নতুবা বেসরকারি বিনিয়োগকারীরা আসবেন না।
প্রস্তাবিত আইন অনুযায়ী ব্যক্তিগতভাবে যে কেউ সরকারের কাছে যেকোনো প্রস্তাব দিতে পারবেন উল্লেখ করে সচিব বলেন, বেসরকারি পর্যায়ে একটি লিংক প্রজেক্ট করে দেবে সরকার, যা দ্রুত বাস্তবায়ন করা যাবে। সর্বোপরি জনস্বার্থে যেকোনো চুক্তি সরকার বাতিল করতে পারবে।
দেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় খুলনায় প্রতিষ্ঠা করা হবে জানিয়ে মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এ-সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী খুলনা সফরের সময় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন। নতুন এই বিশ্ববিদ্যালয় স্থাপনের পর এখান থেকে পাস করে শিক্ষার্থীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় মাঠ পর্যায়ে ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এ ছাড়া সরকার মনোনীত দুজন অগ্রণী কৃষি উদ্যোক্তা এই কৃষি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হিসেবে থাকবেন।
বর্তমানে ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা ও সিলেটে চারটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। খুলনায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও রয়েছে।
এ ছাড়া প্রোভিসির পদ নতুন করে সৃষ্টি করতে মন্ত্রিসভার বৈঠকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩’ এবং ‘বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১৩’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে সচিব জানান, এতে দুটি বিশ্ববিদ্যালয়েই প্রোভিসির পদ সৃষ্টি হলো। আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি নাম হবে ইউনিভার্সিটি অব বরিশাল।