পিপিপি কার্যকরে সাংসদেরা ভূমিকা রাখতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেছেন, সরকারি-বেসরকারি অংশীদারিতে (পিপিপি) আরও নিবিড়ভাবে কাজ করতে একটি পদ্ধতি প্রয়োজন। বিষয়টি এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হতে পারে। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে একজন সংসদ সদস্য ভূমিকা রাখতে পারেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে গতকাল শনিবার পিপিপি আরও কার্যকর করতে সাংসদদের সহযোগিতাবিষয়ক এক আঞ্চলিক সম্মেলনের সূচনা-পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ও এশিয়া ফাউন্ডেশন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে। সহযোগিতায় ছিল ইউএসএইড ও ইউকেএইড।সূচনাপর্বে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ফারুক সোবহান বলেন, পিপিপি উন্নয়ন অবকাঠামোতে সাহায্য করছে। উপ-আঞ্চলিক উন্নয়ন সহযোগিতায়ও বিষয়টি ভূমিকা রাখতে পারে। পিপিপি কার্যকরে সংসদ সদস্যরা ভূমিকা রাখতে পারেন। এশিয়া ফাউন্ডেশনের রাসেল পেপ বলেন, সার্বিক উন্নয়নে বাংলাদেশে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে এই সম্মেলন অগ্রণী ভূমিকা রাখবে।ভুটানের রাজনীতিক ডুপথব বলেন, ইতিবাচক মূল্যবোধ থেকে উন্নয়ন হতে হবে। অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়নে খোলা মন নিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। ভুটানের ক্ষুদ্র দেশীয় বাজারে পিপিপি চালু আছে। পিপিপি বাস্তবায়ন চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।ভারতের রাজ্য-সভার সদস্য এন কে সিং বলেন, পিপিপি নিয়ে কোনো বিভ্রান্তি নেই। সরকারি ও বেসরকারি অংশী-দারিতে কাজ দ্রুত হয়। ভারতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে স্বল্প পরিসরে পিপিপি কাজ করছে। এ ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনে সাংসদদের যুক্ত করা যেতে পারে। শ্রীলঙ্কার ডেপুটি স্পিকার চান্দিমাল বিরাক্কদি বলেন, ‘সাংসদ হিসেবে আমরা জনগণের প্রতিনিধিত্ব করি। পিপিপির ফলে শ্রীলঙ্কায় টেলিযোগাযোগ খাত এখন সফল।’ সূচনার পর বিরতি দিয়ে তিন পর্বে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট বিষয়বস্তুর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন ও পরে এ নিয়ে আলোচনা হয়।