দুজন সরকারি কৌঁসুলির (পিপি) উদাসীনতায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের দুই সদস্য আদালত থেকে জামিন পেয়েছেন বলে অভিযোগ করেছে পুলিশ।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান গতকাল মঙ্গলবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বলেন, হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৃথকভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ। তখন আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। কিন্তু যশোর পিপি রফিকুল ইসলাম ও স্পেশাল পিপি ইদ্রিস আলী আদালতে জামিনের বিরুদ্ধে কোনো কথা বলেননি, বিরোধিতা করেননি। দুজন পিপির উদাসীনতায় জেলায় নিষিদ্ধঘোষিত সংগঠনের লোকজন স্পর্শকাতর মামলা থেকে জামিন পেয়ে যাচ্ছেন।
পুলিশ সুপার বলেন, যশোর শহরের পুরোনো কসবা এলাকার আবদুল আজিজের ছেলে হিযবুত তাহ্রীরের সদস্য তানজিব ওরফে আশরাফুলকে ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালতের তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরদিন আশরাফুলকে আসামি করে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। চলতি বছরের মে মাসে আশরাফুল ওই মামলায় জামিন পান। গত ১২ জুন আশরাফুলের ভাই ও হিযবুত তাহ্রীরের সদস্য তানজীর আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। ১৩ জুন অভয়নগর থানায় তাঁর বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সম্প্রতি তিনিও ওই মামলা থেকে জামিনে মুক্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ হিযবুত তাহ্রীরের ১১ জন সদস্যের বিস্তারিত তথ্য দিয়ে পোস্টার প্রকাশ করে। তাঁদের ছয়জন একই পরিবারের সদস্য। এই ১১ জনই জঙ্গিবাদে জড়িয়ে পড়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ।
পুলিশের অভিযোগের বিষয়ে জানতে চাইলে যশোর আদালতের পিপি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা ওই দুটি মামলায় আদালতে জামিনের বিরোধিতা করেছিলাম। কিন্তু জজ সাহেব জামিন দিলেই প্রত্যেকটি মামলার আদেশে লেখেন, রাষ্ট্রপক্ষের পিপি আপত্তি করেননি। আর জামিন নামঞ্জুর করলে লেখেন, রাষ্ট্রপক্ষের পিপি আপত্তি করেছেন। বিষয়টি নিয়ে আমরা খুবই বিবৃতকর অবস্থায় রয়েছি।’