পিপির কার্যালয়ে তালা দিয়েছেন আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামিরা আদালত থেকে জামিন পাওয়ায় টাঙ্গাইলে সরকারি কৌঁসুলীর (পিপি) কক্ষে গতকাল বুধবার তালা ঝুলিয়ে দেন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা। আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আজিজ জানান, গত সোমবার গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হত্যা মামলার নয়জন আসামি টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেন। আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের অভিযোগ, পিপি আসামিদের জামিন শুনানিতে বিরোধিতা করেননি। তাই বিক্ষুব্ধ আইনজীবীরা গতকাল দুপুরে পিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরে পিপি আকবর আলি খান অতিরিক্ত পিপির কাছে দায়িত্ব দিয়ে ছুটিতে যাবেন, এই শর্তে তাঁর কক্ষের তালা খুলে দেওয়া হয়। আকবর আলি খান জানান, তিনি ছাত্রলীগ নেতা হত্যাকারীদের জামিনে বিরোধিতা করেছেন। কিন্তু মামলায় সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আদালত নয়জনকে জামিন দিয়েছেন।