পিপির কার্যালয়ের সামনে পাঁচটি ককটেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি আদালত চত্বরে সরকারি কৌঁসুলি (পিপি) ও জেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নানের কার্যালয়ের সামনে থেকে গতকাল সোমবার পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
সদর থানা পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে পিপির কার্যালয় থেকে তাজা ককটেলগুলো উদ্ধার করে।
আবদুল মান্নান জানান, তিনি সকাল সাড়ে নয়টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবন থেকে আদালত চত্বরে নিজ কার্যালয়ে যান। সেখানে প্রবেশ করার সময় কার্যালয়ের মূল ফটকের সামনে বোমাসদৃশ বস্তু দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান।
পরে অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নীল রঙের টেপ দিয়ে মোড়ানো তাজা পাঁচটি ককটেল উদ্ধার করে। র্যাবের বোমা বিশেষজ্ঞ একটি দল এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে।