পিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী নয় মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত কক্ষ থেকে সাংবাদিকদের বের করে দেওয়া অত্যন্ত গর্হিত কাজ বলে স্বীকার করলেন আইনমন্ত্রী। আইনজীবীরা কেউ এ কাজ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারও করলেন। কিন্তু যে সরকারি কৌঁসুলি (পিপি) এ কাজটি করেছেন, তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিতে উৎসাহী নয় তাঁর মন্ত্রণালয়। মন্ত্রী বললেন, ওই পিপির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পেলেই তবে ব্যবস্থা।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার বিচারের সাক্ষ্য গ্রহণ শুরুর আগে গত সোমবার আসামিপক্ষের আইনজীবীর সঙ্গে এক জোট হয়ে আদালত কক্ষ থেকে সাংবাদিকদের বের করে দেন পিপি ওয়াজেদ আলী। এ নিয়ে তোলপাড় শুরু হলে আইনমন্ত্রী আনিসুল হক ও আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক কথা বলেন পিপির সঙ্গে। আইনসচিব ফোনে পিপিকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন।
জানতে চাওয়া হলে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘এটা তো ক্যামেরা ট্রায়াল নয়। তাই এ ধরনের বিচার কার্যক্রমের সময় কোনো পিপিরই সাংবাদিকদের বের করে দেওয়ার ক্ষমতা নেই।’ যাঁরা সাংবাদিকদের বের করে দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না—জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ না পেলে কীভাবে ব্যবস্থা নেব?’
এদিকে আদালত সূত্রে জানা গেছে, সাংবাদিকদের বের করে দেওয়া হলেও মামলা-সংশ্লিষ্ট নন এমন আইনজীবীরা এবং নূর হোসেনের বড় ভাই নূর উদ্দিন আদালত কক্ষে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অনেক আইনজীবী বলেছেন, পিপি কেন এ ধরনের কথা বললেন, তা খতিয়ে দেখা দরকার। বিষয়টি হালকা করে নেওয়ার কোনো কারণ নেই।
জানতে চাইলে পিপি ওয়াজেদ আলী গতকাল প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয় বিষয়টি তাঁর কাছে জানতে চেয়েছে। এই মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনার সময় গণমাধ্যমকর্মীরা যাতে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে।