চট্টগ্রামে ককটেল বিস্ফোরণে পথচারী নিহত হওয়ার ঘটনায় কাউকে শনাক্ত করতে না পারায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এই নির্দেশ দেন ।
২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকায় ককটেল বিস্ফোরণে নিহত হন পথচারী মোহাম্মদ রিদুয়ান। তিনি জমি কেনাবেচার ব্যবসা করতেন। এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সজল কান্তি দে বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে ৩৯ জনকে আসামি করে মামলা করেন।
আসামিদের মধ্যে চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান ও নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনও রয়েছেন। তদন্ত শেষে গত বছরের ১১ জুলাই চান্দগাঁও থানার এসআই মো. ইলিয়াছ আসামিদের শনাক্ত করতে না পারায় আসামিদের অব্যাহতি দিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, হত্যা মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিতে পারে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা পুলিশের দায়িত্ব। অপরাধীরা আড়ালে থাকলে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে। এ কারণে মামলায় চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করতে আদালতে রাষ্ট্রপক্ষ থেকে নারাজি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত অধিকতর তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন।