সিলেটের জৈন্তাপুর থানাহাজতে নজরুল ইসলাম ওরফে বাবু (৩২) নামে এক আসামির মৃত্যুর ঘটনায় থানার ওসিসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল রোববার সিলেটের আমলি আদালত-১-এর বিচারক মো. আতিকুল হায়দার এক আদেশে পিবিআইকে তদন্ত করে আগামী ১০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ও সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১ জুন এই আদালতে মামলাটি দায়ের করেন নিহত নজরুল ইসলামের মা রোকেয়া বেগম। মামলায় জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবীর, উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান, এএসআই হুমায়ুন, এএসআই জয়নাল, কনস্টেবল আবদুল হান্নানসহ নিহত নজরুল ইসলামের স্ত্রীসহ আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
গত ১৯ মে গভীর রাতে নিহত নজরুল ইসলামকে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করে পুলিশ। রাতে তাঁকে হাজতে রাখলে পরদিন সকালে মৃত অবস্থায় পাওয়া যায়।
নজরুল ইসলাম জৈন্তাপুর উপজেলার কহাইগড় গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল জলিলের ছেলে। উপজেলা প্রশাসনে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে চাকরি করতেন।
পুলিশ জৈন্তাপুরের বটেশ্বর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জৈন্তাপুর থানা হেফাজতে রাখে। ভোরে হাজতে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে জানালেও নজরুলের পরিবারের দাবি, নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ।
নজরুলের পরিবার সূত্র জানায়, গত বছরের ১৬ নভেম্বর এক স্কুলশিক্ষককে বিয়ে করেছিলেন নজরুল।
এরপর থেকে শহরতলির বটেশ্বর এলাকায় বসবাস করতেন। বিয়ের দুই মাস পর থেকে স্ত্রী তাঁর বাবার বাড়িতে থাকতে শুরু করেন। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য ছিল। সম্প্রতি স্ত্রী জৈন্তাপুর থানায় নারী নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন।
এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে জৈন্তাপুর থানার এসআই শফিকুর রহমান, এসএসআই জয়নাল আবেদিন, কনস্টেবল আক্কাস আলী ও কনস্টেবল নান্টু চাকমা নামে চার পুলিশ সদস্যকে পুলিশ সুপারের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়।