হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া প্রতিবেদন গ্রহণের শুনানি আবারও পিছিয়েছে। আগামী ২৬ মে পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, বুধবার শুনানির দিন ধার্য ছিল। সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে ২৬ মে পরবর্তী দিন ধার্য করেন।
এ নিয়ে চার দফা শুনানির দিন পেছাল। আদালত সূত্র জানায়, এর আগে গত বছরের ৭ নভেম্বর, ১২ সেপ্টেম্বর ও ৩০ জুন শুনানির দিন ধার্য ছিল।
২০২০ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহমদ শফী। পরে ওই বছরের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের আদালতে হত্যার অভিযোগে নালিশি মামলা করেন তাঁর শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন। মামলায় হেফাজতের ৩৬ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।
মামলার আরজিতে বলা হয়, অসুস্থ হলেও আহমদ শফীকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় তাঁর কক্ষে আটকে রাখা হয়। তাঁর কক্ষে আসামিদের ইন্ধনে হামলা ও ভাঙচুর চালানো হয়। মাদ্রাসা মাঠে আহমদ শফীকে বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়।
আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। গত বছরের ১২ এপ্রিল পিবিআই মোট ৪৩ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দেয়। অভিযুক্ত ব্যক্তিরা সবাই হেফাজতে ইসলামের নেতা–কর্মী। তাঁদের মধ্যে হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরী গত বছরের ১৯ আগস্ট মারা যান।