পিয়াস করিমের মৃত্যুতে কাল বিএনপির শোক
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিমের মৃত্যুতে আগামীকাল বুধবার শোক দিবস পালন করবে বিএনপি। আজ মঙ্গলবার দলটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শোক দিবস উপলক্ষে আগামীকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনসহ সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। নেতা-কর্মীরা ওই দিন কালো ব্যাজ ধারণ করবেন।
গতকাল সোমবার ভোরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম (৫৫) রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। পিয়াস করিমের ভাই জহির করিম প্রথম আলোকে বলেন, পিয়াস করিম রোববার দিবাগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হন। ভোর চারটার দিকে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পিয়াস করিমের মরদেহ আগামীকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখার কথা বলেছেন তাঁর কয়েকজন সুহৃদ। অন্যদিকে গণজাগরণ মঞ্চের একাংশ (কামাল পাশার নেতৃত্বাধীন) পিয়াস করিমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া ঠেকানোর ঘোষণা দিয়েছে। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা বুধবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান নেবে।