পিরানহা জব্দ
মৌলভীবাজারে ৪০ কেজি রাক্ষুসে পিরানহা মাছ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার মাছের আড়তে ঝটিকা অভিযান চালিয়ে নিষিদ্ধ এই মাছ জব্দ করা হয়।সদর উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, পিরানহা রাক্ষুসে মাছ হওয়ায় অন্যান্য মাছের বংশবৃদ্ধির জন্য হুমকি। গতকাল সকালের দিকে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় মাছের আড়তে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম খান ও উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আহসান হাসিব খানের নেতৃত্বে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এ সময় উৎপাদন ও বিপণন-নিষিদ্ধ ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। তবে মাছ ফেলে লোকজন সটকে পড়ায় কাউকে আটক করা যায়নি। পরে এগুলো সদর উপজেলা প্রাঙ্গণে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। মৎস্য কর্মকর্তা মো. আহসান হাসিব খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। প্রায়ই এই মাছ জব্দ করা হচ্ছে।’