পিরানহা মাছ বিক্রি দুই ব্যবসায়ীর জরিমানা
ভ্রাম্যমাণ আদালত রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা হাটে নিষিদ্ধ কারেন্ট জাল ও রাক্ষুসী পিরানহা মাছ বিক্রির অভিযোগে ফারুক হোসেন ও আবুল হোসেন নামের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুছ মঙ্গলবার বিকেলে এ জরিমানা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউএনও রুহুল কুদ্দুছ উপজেলার পাওটানা হাটে আকস্মিক অভিযান চালান। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল, রাক্ষুসী ও ক্ষতিকর পিরানহা মাছ বিক্রির অভিযোগে তিনি ওই দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন। এ সময় তাঁদের কাছ থেকে ২৫ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল ও ২০ কিলোগ্রাম (কেজি) পিরানহা মাছ জব্দ করেন। পরে জব্দ করা মাছ মাটিতে পুঁতে ফেলা হয়। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম সরকার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রফুল্ল চন্দ্র রায় ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শাহ মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।