পিরোজপুরে এবার ছাত্রদল নেতার রগ কর্তন
পিরোজপুর শহরে মো. নাদিম নামের ছাত্রদলের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যায় শহরের রিভার ভিউ ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে ২৩ মে সদর উপজেলার পুখুরিয়া গ্রামে এমরান শেখ (২২) নামের ছাত্রলীগের এক কর্মীর হাত ও পায়ের রগ কেটে দিয়েছিল দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র নাদিমের (২১) সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কর্মী সাইদুরের বিরোধ ছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় নাদিমকে তাঁর নামাজপুর এলাকার বাসার সামনে থেকে সাইদুর কাছের একটি ইকোপার্কে ডেকে নিয়ে যান। সেখানে সাইদুর ও তাঁর সহযোগীরা নাদিমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তাঁকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
পিরোজপুর সদর হাসপাতালে সোমবার রাতে কর্তব্যরত চিকিৎসক ননী গোপাল রায় প্রথম আলোকে গতকাল বুধবার জানান, ধারালো অস্ত্রের আঘাতে নাদিমের একটি হাত ও পায়ের রগ কেটে গেছে। এ ছাড়া তাঁর শরীরে অসংখ্য জখম রয়েছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে গতকাল সাইদুরের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক গতকাল বিকেলে জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।