পিরোজপুরে চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী, দ্বিধাদ্বন্দ্বে নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী স্থানীয়ভাবে চূড়ান্ত হলেও বিএনপি থেকে প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে চলছে আলোচনা।
এক সপ্তাহ আগে জেলা বিএনপি তিনজন সম্ভাব্য মেয়র প্রার্থীর তালিকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছে। কিন্তু এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি দলটি।
এদিকে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ। এখনো দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত না হওয়ায় নেতা-কর্মীরা রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে।
জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বলেন, ‘আমাদের একজন সম্ভাব্য মেয়র প্রার্থী ঋণখেলাপির জন্য আইনি জটিলতায় আছে। উনি উচ্চ আদালতে গিয়েছেন। তিনি প্রার্থী হওয়া না-হওয়ার ওপর নির্ভর করবে কে মেয়র প্রার্থী হবেন।’
দলীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর পৌরসভায় বিএনপির সমর্থন নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগ্রহী যে তিনজনের নাম কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে তাঁরা হলেন পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী শেখ বাদশা, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর আবদুর রাজ্জাক এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর্জা জহিরুল হক। আবদুর রাজ্জাক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে জমা দেননি।
জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, লিয়াকত আলী জনপ্রিয় প্রার্থী। তাঁকে মেয়র প্রার্থী করা হলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিনি প্রার্থী হতে না পারলে নির্বাচনে বিএনপির অন্য কেউ আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে ভোটযুদ্ধে টিকে থাকতে পারবেন না।
পিরোজপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ‘মেয়র প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। শুনেছি, আজ বুধবার কেন্দ্র থেকে প্রার্থী চূড়ান্ত করা হবে।’
জেলা বিএনপির সহসভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী শেখ বাদশা বলেন, ‘হাইকোর্টে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। সব ঠিকঠাক হলে দুই-এক দিনের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করব।’
আবদুর রাজ্জাক বলেন, ‘আশা করছি দলীয় মনোনয়ন পাব। এ জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে রেখেছি। দলের সমর্থন পেলে নির্বাচন করব।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গতকাল মঙ্গলবার বলেন, এখনো মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়নি। আজ-কালের মধ্যে প্রার্থী চূড়ান্ত করা হবে।