পিরোজপুরে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমার অধিকার’—এই স্লোগান সামনে রেখে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের ১৯তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশন।
গতকাল বৃহস্পতিবার সকালে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে সম্মেলনের উদ্বোধন করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ।
ছাত্র ইউনিয়ন পিরোজপুর জেলা সংসদের আহ্বায়ক অভিজিৎ মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাকী আক্তার।
সকালের সম্মেলনের উদ্বোধন শেষে শহরে এক শোভাযাত্রা বের করা হয়। দুপুরে স্থানীয় চেম্বার অব কমার্স মিলনায়তনে কাউন্সিল অধিবেশন হয়।
সন্ধ্যায় খ ম মিরাজুল ইসলাম সভাপতি, অভিজিৎ মণ্ডল জ্যেষ্ঠ সহসভাপতি, শান্তনু হালদার সাধারণ সম্পাদক ও বিমান মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।