পিরোজপুরে জামায়াতের আধা বেলা হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির তোফাজ্জল হোসাইনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ রোববার জেলা সদরে আধা বেলা হরতাল ডেকেছে দলটি।

জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রব গতকাল শনিবার দুপুরে প্রথম আলোকেজানান, জেলা আমিরকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা সদরে আধা বেলা হরতাল পালন করা হবে।

জানা গেছে, জেলা জামায়াতের আমির তোফাজ্জল হোসাইন আওয়ামী লীগের কার্যালয় পোড়ানো ও পুলিশের কাজে বাধা দেওয়ার দুটি মামলায় গত বুধবার পিরোজপুরের মুখ্য বিচারিক হাকিম সুমিয়া খানমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজকের হরতাল ডাকে জেলা জামায়াত।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি রাত তিনটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় পিরোজপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পোদ্দার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তোফাজ্জল হোসাইনকে ২ নম্বর আসামি করা হয়। এ ছাড়া গত বছরের ২ মার্চ পিরোজপুর সদর উপজেলা পরিষদ মোড়ে জামায়াতের কর্মসূচি চলাকালে পুলিশের কাজে বাধা দেওয়ায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়।