পিরোজপুরে প্রচারকদের দুর্দিন
পিরোজপুর পৌরসভা নির্বাচনে বেশির ভাগ প্রার্থী প্রচারের জন্য রেকর্ড করা ক্যাসেটে মাইকিং করাচ্ছেন। এর ফলে প্রচারকদের কদর কমে গেছে।
প্রচারণা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাইকিংয়ের জন্য প্রতিদিন একজন প্রচারককে ৪০০-৫০০ টাকা দিতে হয়।
এ জন্য একজন প্রার্থীর ১৯ দিনে মাইকিং করাতে ব্যয় হয় ৮-১০ হাজার টাকার মতো। সেখানে একটি স্টুডিওতে ক্যাসেট রেকর্ডিংয়ে খরচ হয় ৫০০ থেকে ১০০০ টাকা। এ জন্য প্রার্থীরা প্রচারণার জন্য রেকর্ডিংয়ের দিকে ঝুঁকে পড়েছেন।
পিরোজপুর শহরের হিরন মাইকের মালিক তৌহিদ শেখ বলেন, বর্তমান ডিজিটাল যুগে সবাই রেকর্ড করা ক্যাসেট দিয়ে মাইকে প্রচারণা চালাচ্ছেন।
এ কারণে প্রচারকদের দুর্দিন চলছে। পিরোজপুর শহরের শিকারপুর মহল্লার সোহাগ মিয়া বলেন, ‘একসময় নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই প্রার্থীরা আমাদের বায়না করে রাখতেন। এখন সবাই ডিজিটাল (রেকর্ড করা) প্রচার করাচ্ছে।’