পিরোজপুরে বিএনপির তিন পক্ষের আলাদা কর্মসূচি
পিরোজপুর জেলা বিএনপির দীর্ঘদিনের কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। গতকাল শুক্রবার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদতবার্ষিকীর কর্মসূচি তিন পক্ষ পৃথকভাবে পালন করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হন বর্তমান সভাপতি সাবেক সাংসদ গাজী নূরুজ্জামান। ওই সময় আহ্বায়ক কমিটি নিয়ে গাজী নূরুজ্জামনের সঙ্গে বর্তমান সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের বিরোধ শুরু হয়। ২০১২ সালে গাজী নূরুজ্জামানকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে কমিটি গঠন করে দেওয়া হয়। এর পর থেকে সভাপতি ও সম্পাদক কখনো পৃথকভাবে আবার কখনো একসঙ্গে দলীয় কর্মসূচি পালন করে আসছেন। সম্প্রতি সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও জেলা কমিটির সহসভপাতি সাব্বির আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের নেতৃত্বে আরও দুটি পক্ষ গড়ে ওঠে।
গতকাল সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সমর্থকেরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, জেলা বিএনপির সহসভাপতি ও পৌর কমিটির সভাপতি সাব্বির আহম্মেদ নেতৃত্বে দলের পাঁচ সহসভাপতি পুরাতন ঈদগাহ ময়দানে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম ছাত্রদল ও কৃষক দলের ব্যানারে টাউন ক্লাব মাঠে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন করেন। দীর্ঘদিন দুই পক্ষ বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন করলেও এবার আরও একটি পক্ষ তৈরি হওয়ায় জেলা বিএনপি এখন কার্যত তিন ধারায় বিভক্ত।
সাব্বির আহম্মেদ বলেন, ‘বর্তমান জেলা কমিটির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সংগঠনবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে আমিসহ জেলা বিএনপির পাঁচজন সহসভাপতি বিএনপির চেয়ারপারসনের কাছে চিঠি দিয়েছি। এ কারণে আমরা আলাদা কর্মসূচি পালন করছি।’
সাইদুল ইসলাম বলেন, ‘জেলা কমিটিতে বিভক্তি রয়েছে। তবে তা প্রকাশ্যে নয়। আমি ছাত্রদল-কৃষক দলের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছি।’
আলমগীর হোসেন বলেন, ‘জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী জেলা বিএনপি, পৌর বিএনপি ও ছাত্রদল-কৃষক দল পৃথকভাবে পালন করতেই পারে। তবে একসঙ্গে করলে ভালো হতো।’
জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান ঢাকায় রয়েছেন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে৷