পিরোজপুরে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের তিনটি উপজেলার নয়টি ভোটকেন্দ্রে গোলযোগ ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা করেছেন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা।
গতকাল সোমবার বিকেলে ও গত রোববার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাগুলো করা হয়। এ ছাড়া কিশোরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে লুট হওয়া প্রায় দুই হাজার সিল মারা ব্যালট পেপার গতকাল উদ্ধার করেছে পুলিশ।
মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র থেকে গতকাল সোমবার দুপুরে সিল মারা ৪৭টি ব্যালট পেপার উদ্ধার করে পুলিশ। ২২ মার্চ ভোট চলাকালীন ওই কেন্দ্র থেকে ব্যালট পেপারগুলো ছিনতাই করেছিল দুর্বৃত্তরা।
পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল হক বলেন, নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে পিরোজপুরের কাউখালী উপজেলার চারটি, মঠবাড়িয়া উপজেলার চারটি ও ভান্ডারিয়া উপজেলার দুটি ভোটকেন্দ্রে ভোট চলাকালে গোলযোগের কারণে বন্ধ হওয়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে কিশোরগঞ্জে ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে লুট হওয়া প্রায় দুই হাজার সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা একটার দিকে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়ভাগ গ্রামের একটি রাস্তার পাশে বস্তাবন্দী অবস্থায় ব্যালট পেপারগুলো পাওয়া যায়।