পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
পিরোজপুরে স্বপন দত্ত ওরফে সাফা দত্ত (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা দুইটায় পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন। আদালত একই সঙ্গে স্বপন দত্তকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
স্বপন পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম গ্রামের মৃত কার্তিক দত্তের ছেলে। রায় ঘোষণার সময় স্বপন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ নভেম্বর রাত ১০টার দিকে নেছারাবাদ উপজেলার লক্ষ্মণকাঠী গ্রাম থেকে ২৪৭ বোতল ফেনসিডিলসহ স্বপন দত্তকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। এ ঘটনায় র্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) বোরহান উদ্দিন বাদী হয়ে স্বপনকে আসামি করে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ২০১৩ সালে নেছারাবাদ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আবদুস সোবাহান মামলাটি তদন্ত শেষে স্বপনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় নয়জন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আজ আদালত স্বপনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন আহসানুল কবির।