পিরোজপুরে সাংবাদিকদের প্রতিবাদ, মানববন্ধন

প্রথম আলোর বাউফল প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি-ছিনতাইয়ের মামলা দেওয়ার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিকেরা মানববন্ধন করেছেন৷
মঠবাড়িয়া প্রেসক্লাবের সামনের সড়কে বেলা ১১টা অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ক্লাবের নেতা এবং জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন৷
মানববন্ধন শেষে প্রেসক্লারের সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে বক্তব্য দেন মিজানুর রহমান, নাজমুল আহসান, মজিবর রহমান, জিল্লুর রহমান, শাকিল আহমেদ, ইসমাইল হোসেন ঘরামী, শাহ আলম প্রমুখ৷ বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান৷
গত ২৪ মে প্রথম আলোয় ‘বাউফলে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প: কাগজে আছে, বাস্তবে নেই’ শিরোনামে এ বি এম মিজানুর রহমানের একটি প্রতিবেদন ছাপা হয়৷ ওই সংবাদ প্রকাশের পর স্থানীয় আওয়ামী লীগের একটি মহল ক্ষুব্ধ হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে গত ২৬ মে পটুয়াখালী দ্রুত বিচার আদালতে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করে৷ আদালত মামলাটি আমলে নিয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দেওয়ার আদেশ দেন৷ গত ৩ জুন পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়৷ ৯ জুন আদালত মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷