
পিরোজপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে হাবিবুর রহমান ওরফে মালেককে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। গত শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সভায় তাঁকে মেয়র পদে দলীয় সমর্থন দেওয়া হয়। হাবিবুর রহমান পিরোজপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম আউয়ালের ভাই। ২০১১ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ হাকিম হাওলাদার বলেন, ‘পিরোজপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে শুধু হাবিবুর রহমান জেলা আওয়ামী লীগের কাছে দলীয় প্রার্থী হতে আবেদন করেন। আর কোনো আবেদন না থাকায় তাঁকে (হাবিব) আমরা মেয়র পদে চূড়ান্ত করেছি।’
দলীয় সূত্রে জানা গেছে, স্বরূপকাঠি পৌরসভার নির্বাচনে মেয়র পদে পাঁচজন আওয়ামী লীগের সমর্থন পেতে আবেদন করেছেন। তাঁরা হলেন, স্বরূপকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি জি এম কবির, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শওকত আকবর ও উপজেলা যুবলীগের আহ্বায়ক ও নেছারাবাদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাভলু আহমেদ।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ হাকিম হাওলাদার বলেন, শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সভায় স্বরূপকাঠি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রার্থী ঘোষণা করা হয়নি। কাল (সোমবার) হয়তো মেয়র প্রার্থী ঘোষণা করা হতে পারে। তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, জি এম কবির স্বরূপকাঠি পৌরসভার মেয়র পদে সমর্থন পেতে পারেন। বিষয়টি দু-এক দিনের মধ্যে ঘোষণা করা হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র শফিকুল ইসলামকে চূড়ান্ত করা হলেও পিরোজপুর পৌরসভার বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে দুই-এক দিন সময় লাগবে।