পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচনে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
pirojpur
pirojpur

উত্তেজনা, আইনজীবীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও সাবেক সরকারি কৌঁসুলির ওপর হামলার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই আইনজীবীর মধ্যে বাগ্‌বিতণ্ডার জের ধরে দুপুরে একদল দুর্বৃত্তের হাতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সরকারি কৌঁসুলি ফারুক আহমেদ সরদার লাঞ্ছিত ও মারধরের শিকার হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটায় জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে নয়টার দিকে ভোট চলাকালীন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফারুক সরদারের সঙ্গে সাইদুর রহমান নামের এক আইনজীবীর বাগ্‌বিতণ্ডা হয়। এরপর আইনজীবী সমিতির সভাপতি প্রার্থী খান মো. আলাউদ্দিন সাইদুর রহমানের পক্ষ নিলে তাঁর সঙ্গে ফারুক আহমেদ সরদারের বাগ্‌বিতণ্ডা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ফারুক আহমেদ সরদার বাড়ি ফেরার পথে শহরের আম্বিয়া হাসপাতালের সামনে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে তিনজন আইনজীবী ও দুজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘একজন সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবী সমিতির সাবেক সভাপতিকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা দুঃখ জনক। একজন সম্মানিত ব্যক্তির ওপর হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর রহস্যজনক ভূমিকা আমাদের হতাশ করেছে।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে আওয়ামী লীগের দুই নেতা প্রার্থী হয়েছেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক খান মো. আলাউদ্দিন। স্বতন্ত্র সভাপতি প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস। ফারুক আহমেদ সরদার কানাই লাল বিশ্বাসের সমর্থক।