পিরোজপুরের নাজিরপুরে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি মন্দিরে অগ্নিসংযোগ ও হামলা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে মাদারীপুরের কালকিনিতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর এলাকার পরিতোষ চন্দ্র দাসের বাড়ির মন্দিরে গত রোববার রাতে আগুন দেওয়া হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী বলেন, ‘নাশকতার জন্যই দুর্বৃত্তরা এ কাজ করেছে।’
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. খালেক হাওলাদার বলেন, ‘দুর্বৃত্তদের আগুনে মন্দিরটি আংশিক পুড়েছে। তবে প্রতিমাটি অক্ষত আছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে একটি মন্দিরে হামলা ও চারটি প্রতিমা ভাঙচুর করেন স্থানীয় কয়েকজন যুবক। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার কালিপদ চন্দ্র দাসের বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে পাঁচজন।
স্থানীয় ব্যক্তিরা জানান, মন্দিরটিতে কালীপূজার উৎসব চলার সময় কয়েকজন যুবক সেখানে গিয়ে জোর করে নাচতে চান। এ নিয়ে পূজা কমিটির সদস্য বাদল তাঁদের বাধা দিলে শুরু হয় বাগিবতণ্ডা। একপর্যায়ে ওই যুবকেরা বাদল ও নয়ন নামের দুজনকে পিটিয়ে আহত করেন। পরে মন্দিরের চারটি প্রতিমা ও অন্য সামগ্রী ভাঙচুর করেন। খবর পেয়ে ভুলতা ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গেলে যুবকেরা পলিয়ে যান। পালানোর সময় পুলিশ পনির হোসেন (৩২) নামের একজনকে গ্রেপ্তার করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘নাচতে না দেওয়ায় সেখানে কয়েকজন যুবকের সঙ্গে বাগিবতণ্ডা ও ধস্তাধস্তি হয়। কেউ মন্দিরে হামলা বা প্রতিমা ভাঙচুর করেনি। তবে দুই পক্ষের ধস্তাধস্তিতে দুটি প্রতিমার মাথা ভেঙে গেছে।’
এদিকে, মাদারীপুরের কালকিনির মজিদবাড়ী (ভুরঘাটা) এলাকার কুণ্ডুবাড়িতে রোববার দিবাগত রাত দুইটার দিকে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতের দল টাকা, ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের অস্ত্রের আঘাতে পরিবারের চার সদস্য আহত হন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই রাতে ১৫-২০ জন ডাকাতের একটি দল বাড়ির কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে আলমারি ভেঙে টাকা, স্বর্ণালংকার, পাঁচটি মুঠোফোন ও অন্য মালামাল নিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে তাঁদের চারজনকে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পিরোজপুর, নারায়ণগঞ্জ ও কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি]