পিরোজপুর কারাগারে নারী হাজতির মৃত্যু, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর কারাগারে আটক একটি হত্যা মামলার এক নারী আসামি গত শুক্রবার মারা গেছেন। তাঁর নাম মনোয়ারা বেগম (৪৫)। তিনি কাউখালী উপজেলার কচুয়াকাটি গ্রামের হেমায়েত উদ্দিন সিকদারের স্ত্রী। মনোয়ারা বেগমের মৃত্যুর ঘটনায় তাঁর স্বজনেরা গতকাল রাতে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল করে কারাধ্যক্ষের শাস্তি দাবি করেছে।মনোয়ারা বেগম স্বরূপকাঠি উপজেলার সেহাঙ্গল এলাকার আইনজীবী গিয়াস উদ্দিন মাসুদ হত্যা মামলার আসামি। তাঁর ছেলে আলামিন সিকদারও একই মামলায় পিরোজপুর কারাগারে আটক রয়েছেন।সদর হাসপাতালের চিকিত্সক এস দাস জানান, মনোয়ারা বেগমকে বিকাল চারটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।মনোয়ারা বেগম মারা যাওয়ার ঘটনায় কারাধ্যক্ষের শাস্তি দাবি করে মৃতের ভাই ওয়াহিদুর রহমান ও যুবলীগ নেতা জিয়াউল আহসানের নেতৃত্বে একদল লোক গতকাল রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছে। জিয়াউল আহসান জানান, মনোয়ারা বেগম অসুস্থ হলেও সময় মতো হাসপাতালে নেওয়া হয়নি। তাঁর আত্মীয়স্বজনকেও খবর দেওয়া হয়নি। এ ব্যাপারে কারাধ্যক্ষ বজলুর রশিদ জানান, মনোয়ারা বেগমের স্বামী হেমায়েত উদ্দিন শুক্রবার দুপুরের দিকে কারাগারে তাঁর (মনোয়ারার) সঙ্গে দেখা করেন। এ সময় তিনি আসামিকে জানান, হাইকোর্টে জামিন আবেদন বাতিল হয়ে গেছে। এ কথা শোনার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই মারা গেছেন। মনোয়ারার অ্যাজমার সমস্যা ছিল। চিকিত্সায় কোনো অবহেলার অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, অসুস্থ হওয়ার পর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মোল্লা জানান, আইনজীবী গিয়াস উদ্দিন মাসুদকে গত বছরের ১১ অক্টোবর কচুয়াকাটি বেইলি ব্রিজ এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের বড় ভাই আলামিন খান আটজনকে আসামি করে মামলা করেন। মনোয়ারা বেগম ও তাঁর ছেলে আলামিন এই মামলার চার ও তিন নম্বর আসামি। গত বছরের ১৬ নভেম্বর তাঁরা পিরোজপুরের একটি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন বাতিল করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।