পিরোজপুর কারাগারের এক বন্দীর মৃত্যু
পিরোজপুর জেলা কারাগারের এক বন্দী আজ শনিবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম নলিনী মিস্ত্রি (৪০)। একটি হত্যা মামলায় তিনি ওই কারাগারে বন্দী ছিলেন।
নলিনী মিস্ত্রি পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাজরপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র মিস্ত্রির ছেলে। কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নলিনী মিস্ত্রি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বিকেলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পিরোজপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শামীম ইকবাল নলিনীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নলিনী দীর্ঘদিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন।