পিরোজপুর থেকে চাঁদা দিয়ে চলে দূরপাল্লার বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর থেকে ঢাকাসহ দূরপাল্লার উদ্দেশে ছেড়ে যাওয়া পরিবহনগুলোতে চাঁদা নেওয়া হচ্ছে। জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা এই চাঁদা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সংগঠন দুটির দাবি করা চাঁদা না দেওয়ায় গত রোববার সকালে পিরোজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা দোলা পরিবহনের বাস চলাচল বন্ধ ও টিকিট বিক্রয়কেন্দ্রে (কাউন্টার) তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দোলা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক নাদিরুজ্জামান গতকাল সোমবার জানান, পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি দুই মাস আগে সভা করে পিরোজপুর থেকে ঢাকাসহ দূরপাল্লার পরিবহনগুলোকে প্রতি যাত্রায় (ট্রিপ) ১০০ টাকা করে দিতে হবে বলে সিদ্ধান্ত নেয়। এর আগে এই চাঁদার পরিমাণ ছিল ৫০ টাকা। সম্প্রতি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারাও পরিবহনগুলোর প্রতি যাত্রায় ২৫ টাকা চাঁদা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করেন।
দোলা পরিবহন তাঁদের দাবি করা চাঁদা না দেওয়ায় মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বাস চলাচল বন্ধ ও টিকিট বিক্রয়কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন।
পিরোজপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ গাজী নূরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি রোববার দুপুরে দোলা পরিবহনে ঢাকা যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম। বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ১০ কিলোমিটার দূরে গিয়ে বাগেরহাটের বাধাল বাজার থেকে দোলার অন্য একটি বাসে করে ঢাকা যেতে হয়েছে।’
বিএনপির এই নেতা অভিযোগ করেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে হান্নান-আলমগীর জোর করে শ্রমিক ইউনিয়ন দখল করে পরিবহনগুলোর কাছ থেকে চাঁদাবাজি করছেন।
গতকাল সকালে কয়েকটি পরিবহনের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়ন পরিবহনগুলোর কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করছে। সম্প্রতি মালিক সমিতি দ্বিগুণ ও শ্রমিক ইউনিয়ন চার গুণ চাঁদা বাড়িয়ে দেয়। দোলা পরিবহন চাঁদা না দেওয়ায় তাদের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে অন্য পরিবহনগুলো মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দাবি মেনে চাঁদা দিয়ে যেতে বাধ্য হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন শ্রমিকনেতা বলেন, ‘পিরোজপুর সদর আসনের সরকারদলীয় সাংসদের ছোট ভাই মসিউর রহমান জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি। এ কারণে মালিক সমিতির সব আবদার আমাদের মেনে চলতে হচ্ছে।’
পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মসিউর রহমান বলেন, ‘দোলা পরিবহনের জেলায় দুটি বাস চালানোর অনুমতি রয়েছে। কিন্তু তারা আটটি বাস চালাচ্ছে। বিআরটিএ থেকে ওদের বাস চালানোর অনুমতির কাগজপত্র শ্রমিক ইউনিয়ন দেখতে চাওয়ায় দোলা পরিবহন আমাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলেছে। আমাদের সমিতি পরিবহন থেকে কোনো চাঁদা আদায় করছে না।’
পিরোজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হান্নান চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, দোলা পরিবহনে স্থানীয় পরিবহনগুলোর শ্রমিকেরা অনেক সময় যাতায়াত করতে চাইলে ওরা তাদের গাড়িতে চড়ার সুযোগ দেয় না। এ কারণে বাসশ্রমিকেরা দোলার কাউন্টার বন্ধ করে দিয়েছেন। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।