পিরোজপুর পর্যন্ত রেললাইন স্থাপন করার দাবি
গোপালগঞ্জ থেকে পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ ও পাড়েরহাটে লাইটারেজ বন্দর স্থাপনের দাবিতে গতকাল মঙ্গলবার পিরোজপুর শহরে মানববন্ধন হয়েছে। ‘পিরোজপুর উন্নয়ন আন্দোলন’ নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টায় শহরের শহীদ ওমর ফারুক সড়কে আয়োজিত মানববন্ধনে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে বক্তব্য দেন পিরোজপুর উন্নয়ন আন্দোলনের সভাপতি মেজর (অব.) এ এম মুস্তফা আজিজ, সদস্যসচিব মো. আক্তারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি রুহুল আমীন, দিশারী শিল্পীগোষ্ঠীর সভাপতি মো. সামসুদ্দোহা, সাবেক ইউপি চেয়ারম্যান আনিচ ফকির, মুক্তিযোদ্ধা মো. নূরুজ্জামান প্রমুখ। তাঁরা বলেন, পিরোজপুর জেলা সদর পর্যন্ত রেললাইন ও পাড়েরহাটে লাইটারেজ বন্দর স্থাপন করা হলে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে।
পরে সংগঠনটির নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।