পিরোজপুর বিএনপিতে কোন্দল-স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা বিএনপির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। দল এখন কার্যত দুই ভাগে বিভক্ত। ২০০৯ সালের ৯ জুন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর তিন মাসের মধ্যে সম্মেলন করার কেন্দ্রীয় নির্দেশ থাকলেও এক বছরেও সম্মেলন হয়নি।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ঢাকায় হাওয়া ভবনে সৈয়দ শহীদুল হক জামালকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। সংস্কারবাদী ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গত সংসদ নির্বাচনের আগে সৈয়দ শহীদুল হক জামালকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ২০০৯ সালের ৯ জুন জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয় সাবেক সাংসদ গাজী নূরুজ্জামান বাবুলকে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় আলমগীর হোসেনসহ ১০ জনকে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে এম সাখাওয়াত হোসেন বলেন, কমিটি গঠিত হওয়ার পর মাঠপর্যায়ের কর্মীরা আশা করেছিলেন দলে গতিশীলতা আসবে, কিন্তু তার বদলে এসেছে স্থবিরতা। তিনি বলেন, দলের একপক্ষে আছেন গাজী নূরুজ্জামান বাবুল ও তাঁর অনুসারীরা। অন্য পক্ষে আছেন যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও তাঁর অনুসারীরা। কোন্দলের কারণে নেতাদের মধ্যে এখন মুখ দেখাদেখিও বন্ধ। তিনি আরও বলেন, দলীয় কোন্দলের কারণে গত বছরের ৩ সেপ্টেম্বর জেলা কৃষক দলের সভাপতি গাজী সালাউদ্দিন আহম্মেদ খুন হন।নাজিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান খান জানান, জেলা বিএনপির নেতাদের মধ্যে কোন্দলের কারণে সব কিছুতেই এখন অধোগতি।জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির জানান, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দল থেকে কর্মসূচি দেওয়া হয়েছিল। কিন্তু যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও তাঁর অনুসারীরা সেই কর্মসূচিতে অংশ নেননি। তবে আলমগীর হোসেন বলেন, জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে তাঁরা দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা ও কাঙালিভোজের আয়োজন করেছেন।জেলা বিএনপির আহ্বায়ক গাজী নূরুজ্জামান বাবুল দলে গতিশীলতা আছে দাবি করে বলেন, সম্মেলন করার জন্য গত ২৫ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কয়েকজন যুগ্ম আহ্বায়ক কেন্দ্রে লিখিত আপত্তি জানানোয় কেন্দ্র থেকে সম্মেলন স্থগিতের আদেশ দেওয়া হয়। তিনি বলেন, দলীয় কর্মসূচি পালনের জন্য জেলা কমিটির যুগ্ম আহ্বায়কদের চিঠি দেওয়া হয়। চিঠি পেয়ে কেউ যদি না আসে তাহলে তো মুখ দেখা বন্ধ থাকবেই। তিনি বলেন, ‘আগামী রোজার পরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে।’