পিরোজপুর সদর উপজেলা বিএনপিতে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ তোলায় পিরোজপুর সদর উপজেলা বিএনপির কিছু নেতা-কর্মীর মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে। গত শুক্রবার সদর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত বক্তাদের বক্তব্যে এ বিষয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।ওই সভায় ১০ জন বক্তা বলেন, কয়েকজনের কারণে সদর উপজেলা বিএনপির কার্যক্রম ঘুণ ধরেছে। তাঁরা আরও বলেন, যাঁরা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে দলের কর্মকাণ্ডকে বিসর্জন দিচ্ছেন, তাঁরা দলের ঘুণপোকা। তাঁদের নির্মূল না করতে পারলে পিরোজপুরে একসময় বিএনপির নাম থাকবে না।সভায় টোনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, বিএনপির কিছু লোক আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক রাখেন। এ কারণে গত উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এলিজা জামান হেরেছেন। দলের সমর্থনের বাইরে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তিনি নির্বাচন না করলে এলিজা জামান বিজয়ী হতেন।সদর থানা বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন বলেন, ‘গত ২০ অক্টোবর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাইদুল ইসলাম জেলা বিএনপির কার্যালয়ে বসে সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিনকে লাঞ্ছিত করেন। আমরা এর বিচার চাই।’সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী তোফাজ্জেল হোসেন বলেন, যাঁরা আওয়ামী লীগের দালালি করেন, তাঁরা দলের ঘুণপোকা। দল থেকে তাঁদের দূরে রাখতে হবে।সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন মল্লিক বলেন, ‘আমি বিষয়টি জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপিকে জানাব।’ সাইদুল ইসলাম বলেন, ‘দলের ওপরের সারিতে থাকা কয়েকজন নেতা ঢাকায় থাকেন। আমরা মাঠে থেকে রাজনীতি করি। যেহেতু উপজেলা নির্বাচন দলীয়ভাবে হয়নি, তাই আমি উপজেলা নির্বাচন করেছি। দলের প্রার্থীকে হারানোর জন্য নির্বাচন করিনি।’আলমগীর হোসেন বলেন, ‘আমার জানামতে বিএনপি বা এর অঙ্গদলের কোনো নেতা-কর্মী আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে চলেন না। সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেনকে কেউ লাঞ্ছিত করেনি।’