পিরোজপুর সদর হাসপাতালে অবেদনবিদ নেই এক বছর
পিরোজপুর সদর হাসপাতালে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে চিকিৎসক না থাকার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। সচ্ছল রোগীরা খুলনা-বরিশালে গিয়ে চিকিৎসাসেবা নিতে পারলেও গরিব রোগীরা কষ্ট পাচ্ছে। হাসপাতালে নাক, কান, গলা রোগের চিকিৎসক এবং অবেদনবিদ নেই প্রায় এক বছর ধরে।হাসপাতালের প্রধান সহকারী আবুল কালাম আজাদ জানান, ১০০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকের ২১টি পদ রয়েছে। এর মধ্যে পাঁচটিই শূন্য। হাসপাতালের পরিসংখ্যান শাখায় কর্মরত মিঠুন রায় জানান, ২০০৭ সাল থেকে হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারি) ও জুনিয়র কনসালটেন্টের (অর্থোপেডিক সার্জারি) পদ শূন্য। এ ছাড়া সিনিয়র কনসালটেন্ট (সার্জারি), জুনিয়র কনসালটেন্ট (অবেদনবিদ), জুনিয়র কনসালটেন্ট (নাক, কান, গলা) নেই প্রায় এক বছর ধরে। রেডিওলজিস্ট ও জুনিয়র কনসালটেন্ট (রেডিওলজিস্ট) নেই প্রায় তিন বছর ধরে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতালের প্রধান ফটকে শহরতলির নামাজপুর গ্রামের সাইফুল ইসলাম জানান, তিনি তাঁর মায়ের কানের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন; কিন্তু এখানে এসে জানতে পারেন কানের চিকিৎসক নেই। হাসপাতালের টিকিট বিক্রয়কেন্দ্র থেকে জানা যায়, বহির্বিভাগে প্রতিদিন ৩০০ থেকে সাড়ে ৩০০ লোক চিকিৎসা নিতে আসে। হাসপাতালের জরুরি শাখা সূত্র জানায়, প্রতিদিন হাড় ভাঙার ১০-১৫ জন রোগী আসে। অর্থোপেডিক বিভাগে চিকিৎসক না থাকায় রোগীদের খুলনা-বরিশালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।পিরোজপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শংকর কুমার ঘোষ জানান, হাসপাতালে দীর্ঘদিন থেকে নাক, কান, গলা বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারি), কনসালটেন্ট (অবেদনবিদ) নেই। এ কারণে অসচ্ছল রোগীদের বেশ সমস্যা হচ্ছে। তিনি জানান, একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা (এমও) দিয়ে ছোটখাটো অস্ত্রোপচার করাতে আসা রোগীদের অবেদন করানো হচ্ছে। হাসপাতাল এলাকার কাউন্সিলর এ কে এম সাদুল্লাহ জানান, সচ্ছল রোগীরা বেশির ভাগই খুলনা-বরিশালে গিয়ে চিকিৎসাসেবা নেয়। হাসপাতালে জরুরি ভিত্তিতে নাক, কান ও গলা এবং অর্থোপেডিক চিকিৎসক দেওয়া জরুরি। সিভিল সার্জন আবদুল গনি জানান, চিকিৎসকের শূন্য পদের তালিকা প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের বিপরীতে চিকিৎসক পদস্থ করার বিষয়ে অনুরোধপত্র দেওয়া হয়।