পিরোজপুর সদরে অবেদনবিদ নেই এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর হাসপাতালে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে চিকিৎসক না থাকার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। সচ্ছল রোগীরা খুলনা-বরিশালে গিয়ে চিকিৎসাসেবা নিতে পারলেও গরিব রোগীরা কষ্ট পাচ্ছে। হাসপাতালে নাক, কান, গলা রোগের চিকিৎসক এবং অবেদনবিদ নেই প্রায় এক বছর ধরে।হাসপাতালের প্রধান সহকারী আবুল কালাম আজাদ জানান, ১০০ শয্যার এই হাসপাতালে চিকিৎসকের ২১টি পদ রয়েছে। এর মধ্যে পাঁচটিই শূন্য। হাসপাতালের পরিসংখ্যান শাখায় কর্মরত মিঠুন রায় জানান, ২০০৭ সাল থেকে হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক সার্জারি) ও জুনিয়র কনসালট্যান্টের (অর্থোপেডিক সার্জারি) পদ শূন্য। এ ছাড়া সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি), জুনিয়র কনসালট্যান্ট (অবেদনবিদ), জুনিয়র কনসালট্যান্ট (নাক, কান, গলা) নেই প্রায় এক বছর ধরে। রেডিওলজিস্ট ও জুনিয়র কনসালট্যান্ট (রেডিওলজিস্ট) নেই প্রায় তিন বছর ধরে। পিরোজপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শংকর কুমার ঘোষ জানান, একজন প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা (এমও) দিয়ে ছোটখাটো অস্ত্রোপচার করাতে আসা রোগীদের অবেদন করানো হচ্ছে। সিভিল সার্জন আবদুল গনি জানান, চিকিৎসকের শূন্য পদের তালিকা প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।