পিরোজপুরে অধিকাংশ বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের বিভিন্ন উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এগুলোর এ অবস্থা হয়েছে। এ কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছেন। বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষক ও শিক্ষার্থী আশপাশের বিভিন্ন বাড়ির শৌচাগার ব্যবহার করেন।পিরোজপুর সদর উপজেলার ত্রিগ্রাম সম্মিলনী বাগমারা রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাবণী রানী মণ্ডল বলেন, ‘তিন বছর ধরে বিদ্যালয়ের শৌচাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। এ কারণে আমরা এ বাড়ি- ও বাড়ি দৌড়াই।’ মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুল হক জানান, শিক্ষকদের ব্যবহারের জন্য কোনো রকম একটি শৌচাগার আছে। শিক্ষার্থীদের জন্য কোনো শৌচাগার নেই। একই উপজেলার বকসির ঘটিচোরা রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আজাদ জানান, শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের পাশে পলিথিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেখানেই গিয়ে তারা প্রকৃতির ডাকে সারা দেয়। শৌচাগার ব্যবহারের প্রয়োজন হলে শিক্ষকেরা পাশের ফারুক মিয়ার বাড়িতে যান। ভান্ডারিয়া উপজেলার সি রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধবী রানী বলেন, শৌচাগারের দুর্ভোগের কথা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, উপজেলার ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের অবস্থা খারাপ। মঠবাড়িয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বসির আহমেদ বলেন, এ উপজেলায় ২০৭টি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ২০০টির শৌচাগারের অবস্থা খুবই খারাপ।ভান্ডারিয়া উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল আলম বলেন, এ উপজেলায় ১৬১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২১টির শৌচাগারের অবস্থা খারাপ। সরকার একটি বিদ্যালয়ে বছরে নানা খাতে ব্যয়ের জন্য এক হাজার ২০০ টাকা দেয়। ওই টাকা চক, ডাস্টার, খাতা ও কলম কিনতে শেষ হয়ে যায়। বিদ্যালয়ে শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আলাদা কোনো বরাদ্দ দেওয়া হয় না।স্বরূপকাঠি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী বলেন, এ উপজেলায় ৮০টির বেশি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের অবস্থা খারাপ। পিরোজপুর সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মোল্লা এমদাদুল হক বলেন, এমনিতেই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করলে শিশুসহ বিভিন্ন বয়সের ব্যক্তিরা কৃমি, পেটের পীড়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহামঞ্চদ আমিনুল ইসলাম জানান, ব্যবহারের অনুপযোগী শৌচাগারের তালিকা বিভিন্ন উপজেলার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আ. হাই বলেন, ‘ব্যবহারের অনুপযোগী শৌচাগারগুলোর তালিকা আমরা পেয়েছি। খুব শিগিগরই দরপত্র আহ্বান করে এগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’