পিরোজপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ১ নম্বর (ভৈরমপুর) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজেদ হোসেনকে (৬০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত সোমবার রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে তিন সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়।
গুরুতর আহতাবস্থায় রাতেই আমজেদকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আদিব শেখ বলেন, সোমবার রাতে ভৈরমপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে আমজেদের ওষুধের দোকানে বসে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে এজেন্ট দেওয়ার বিষয়ে আলোচনা করেন। রাত ১০টার দিকে তিনি বাড়িতে চলে যান। আমজেদও বাড়ির দিকে রওনা দেন। কিছুক্ষণ পর একজন তাঁকে ফোন করে জানান, ভৈরমপুর এলাকার জাহাঙ্গীরের বাড়ির কাছে আমজেদের ওপর হামলা হয়েছে। এরপর তাঁরা আমজেদকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শংকর কুমার ঘোষ বলেন, আমজেদ হোসেনের শরীরে জখম গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কদমতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিলন শেখ বলেন, ‘আমজেদের দুই পা, দুই ঊরু ও পেটে কোপ দেওয়া হয়েছে। রাতেই তাঁকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই।’
যোগাযোগ করা হলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, আমজেদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।