পিরোজপুরে আ.লীগ-বিএনপির কার্যালয়ে পাল্টাপাল্টি আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা পেট্রল দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার পর আওয়ামী লীগের কর্মীরা গতকাল শুক্রবার জেলা বিএনপির কার্যালয় ও জেলা কৃষক দলের কার্যালয় পুড়িয়ে দেন এবং পৌরসভা সড়কে বিএনপির সমর্থকদের কয়েকটি দোকানে ভাঙচুর করেন।
এ ঘটনার পর গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে জরুরি সভা হয়। সভায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ ছাড়া সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে শহরের শহীদ ওমর ফারুক সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চার নেতার ছবিসহ আসবাব পুড়ে গেছে। এ ছাড়া কার্যালয়ের পাশে থাকা মুঠোফোন বিক্রি ও মেরামতের দোকান পুড়ে যায়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন খান বলেন, ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে।
পিরোজপুর ফায়ার সার্ভিস বিভাগের উপসহকারী পরিচালক ফারুক হোসেন জানান, আওয়ামী লীগ কার্যালয় পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, কার্যালয়ের সামনে দুই লিটারের একটি খালি বোতল পাওয়া যায়; যা থেকে পেট্রলের গন্ধ পাওয়া গেছে।
১৮-দলের নেতা-কর্মীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছেন, এ অভিযোগ এনে আওয়ামী লীগের কর্মীরা সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেন। আগুনে বিএনপি কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিল পুড়ে যায়। এ ছাড়া কার্যালয়ের পাশে থাকা আইনজীবী ক্লাবও পুড়ে যায়। এরপর বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কর্মীরা শহরের বলেশ্বর খেয়াঘাট এলাকায় জেলা কৃষক দলের কার্যালয় পুড়িয়ে দেন ও পৌরসভা সড়কে বিএনপির সমর্থকদের কয়েকটি দোকান ভাঙচুর করেন।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে ১৮-দলের কোনো নেতা-কর্মীরা জড়িত নন। আমি এর সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’
পিরোজপুর সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁদের কার্যালয়ের ঘর ও আসবাব পুড়ে গেছে। এতে ৩৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা পুলিশের উপস্থিতিতে বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার সময় কোনো পুলিশ সদস্য ছিলেন না। খবর পেয়ে সবার আগে সেখানে পুলিশ ও র‌্যাবের সদস্যরা গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন। আওয়ামী লীগ ও বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় কোনো পক্ষ থেকে মামলা দায়ের হয়নি। ঘটনার পর থেকে শহরে সেনা ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।