পিরোজপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র হাবিবুর রহমান ওরফে মালেক প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। তবে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্বরূপকাঠি পৌরসভার নির্বাচনে মেয়র পদে শফিকুল ইসলামকে চূড়ান্ত করা হয়েছে। তবে পিরোজপুর পৌরসভায় বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ হাকিম হাওলাদার বলেন, ‘হাবিবুর রহমান ছাড়া আমাদের মেয়র পদে নির্বাচন করার মতো কোনো জনপ্রিয় প্রার্থী নেই। মেয়র পদে হাবিব আওয়ামী লীগের দলীয় সমর্থন পাচ্ছেন, এটা প্রায় চূড়ান্ত।’
হাবিবুর রহমান বলেন, ‘দলীয় সমর্থন পেলে আমি আওয়ামী লীগের প্রার্থী হয়ে মেয়র নির্বাচন করব।’
পিরোজপুর পৌরসভায় বিএনপি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও প্রার্থী হওয়ার জন্য তাঁদের তেমন কোনো তৎপরতা নেই। মেয়র পদে পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী শেখ বাদশা, সাবেক পৌর কাউন্সিলর আবদুর রাজ্জাক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মির্জা জহিরুল হকের নাম শোনা যাচ্ছে।