পিরোজপুরে আইনজীবীদের আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুনর রশিদকে প্রত্যাহারের দাবিতে জেলা আইনজীবী সমিতির সদস্যরা গতকাল বৃহস্পতিবার থেকে ওই বিচারকের আদালত বর্জন করছেন। এক আইনজীবীর সঙ্গে হারুনর রশিদ দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হচ্ছে। আইনজীবী সমিতির সদস্য সরোয়ার হোসেন জানান, তিনি গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এজলাসের সামনে আইনজীবীদের আসনে বসে একটি আবেদন লিখছিলেন। এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হারুনর রশিদ (জেলা জজ বর্তমানে ছুটিতে থাকায় হারুনর রশিদ ভারপ্রাপ্ত জেলা জজের দায়িত্ব পালন করছেন) তাঁকে বলেন, ‘আপনি এখানে বসে লিখছেন কেন? এটা আপনার চেম্বার না। ডিসিপ্লিন শেখেন।’সরোয়ার হোসেন দুঃখ প্রকাশ করে এজলাস ত্যাগ করেন। কিন্তু এ সময় অন্য আইনজীবীরা এর প্রতিবাদ করেন।সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি খান আলাউদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। তিনি (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) বিনা কারণে খারাপ ব্যবহার করেছেন। পিরোজপুর থেকে তাঁকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা। তা না হলে অনির্দিষ্টকাল আদালত বর্জন করা হবে।’সাংবাদিকেরা এ বিষয়ে জজ হারুনর রশিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।