পিরোজপুরে আড়াই বছর ধরে কলেজছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা কলেজছাত্র ফরহাদ রহমান (১৮) প্রায় আড়াই বছর ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় জেলার নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো তাঁর কোনো হদিস মেলেনি।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফরহাদ নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ২০১৩ সালের ২২ নভেম্বর বিকেলে তিনি নেছারাবাদ উপজেলা পরিষদ এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। রাতে বাসায় না ফেরায় আত্মীয়স্বজনের বাড়ি ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান পাওয়া যায়নি। ২৩ নভেম্বর নেছারাবাদ থানায় জিডি করেন ফরহাদের বাবা সাইদুর রহমান। পরে তিনি একটি দৈনিকসহ কয়েকটি আঞ্চলিক পত্রিকায় ছেলের ছবিসহ নিখোঁজের বিজ্ঞপ্তি দেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, ফরহাদের সন্ধানের চেষ্টা চলছে।