পিরোজপুরে ও রংপুরে দুই ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় স্টুডিও মালিক শহিদুল ইসলামকে বৃহস্পতিবার রাতে খুন করেছে দুর্বৃত্তরা। পিরোজপুর শহরে রসুল শেখ নামে এক ব্যবসায়ী তাঁর নিজ বাসায় শুক্রবার রাতে খুন হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ জানায়, পীরগাছা উপজেলা সদরের দিনা স্টুডিওর মালিক অনন্তরাম গ্রামের শহিদুল ইসলামকে (৪০) বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে যায় কয়েক ব্যক্তি। পরে শহিদুল মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। ওই দিন রাতে মাছ ধরতে গিয়ে কয়েকজন ব্যক্তি মিঠাপুকুরের নীলেরকুঠি এলাকায় সেতুর নিচে তাঁর গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। শুক্রবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে শহিদুলের স্ত্রী নার্গিস আক্তার ও তাঁর পরিবারের সদস্যরা লাশটি শহিদুলের বলে শনাক্ত করেন।সূত্র আরও জানায়, পীরগাছা ও মিঠাপুকুর পুলিশের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বগুড়া হাইওয়ে পুলিশ বগুড়া সদর থেকে শহিদুলের মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে। তাঁরা হলেন আবদুস ছালাম, শাহীন মিয়া ও জুয়েল মিয়া। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, এ ঘটনায় নার্গিস আক্তার একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিরা থানা হেফাজতে রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রসুল শেখের ছেলে জিয়াউল শেখ বলেন, তাঁর বাবা শুক্রবার তাঁদের গ্রামের বাড়ি মরিচালে যান। তিনি ও তাঁর ভাই জুয়েল শেখ রাতে খেয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজার সামনে তাঁর বাবাকে শুয়ে থাকতে দেখতে পান। কাছে গিয়ে দেখেন গলা কাটা এবং মাথায় আঘাত। তিনি আরও জানান, একসময় তাঁর বাবার আবাসিক হোটেলের ব্যবসা ছিল।স্থানীয় কাউন্সিলর ছালাম বাতেন বলেন, খবর পেয়ে পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) আবদুল মালেক বলেন, এ ঘটনায় জিয়াউল বাদী হয়ে অজ্ঞাত পরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য তিলক বকসী ও শহীদুল আলম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন।