৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয়ের কর আদায় সহকারী অঞ্জন কুমারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পিরোজপুরের জেলা রেজিস্ট্রার শফিকুর রহমান বাদী হয়ে গত মঙ্গলবার চেক জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ এনে অঞ্জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক বলেন, অঞ্জন কুমারকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।জেলা রেজিস্ট্রি কার্যালয়ের অপর এক কর আদায় সহকারী আ. কুদ্দুস প্রথম আলোকে বলেন, অঞ্জন কুমার ব্যাংকে টাকা জমা ও তোলার কাজটি করতেন। গত ৩৪ মাসে তিনি জেলা রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করে নিবন্ধন মহাপরিদর্শকের (আইজিআর) তহবিল থেকে বিভিন্ন চেকের মাধ্যমে ৩৩ লাখ টাকা উত্তোলন করেছেন। বিষয়টি ধরা পড়লে জেলা রেজিস্ট্রার বাদী হয়ে অঞ্জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন।