পিরোজপুরে কলেজছাত্রীর মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রী রিনা আক্তারের মুক্তির দাবিতে গতকাল বুধবার শহরে মানববন্ধন হয়েছে। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনকে প্রত্যাহারের দাবিও জানানো হয়।জানা গেছে, শহরের ক্লাব সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা। এতে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বেসরকারি সংস্থার কর্মী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ. জলিল আকন, মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মণ্ডল, পৌর কাউন্সিলর মিনারা মাহবুব ও হাফিজা আকতার, মুনিরুজ্জামান, এস এম পারভেজ, খালিদ আবু, শিরিনা আফরোজসহ রিনা আক্তারের সহপাঠীরা।রিনা আক্তারের মা হাওয়া বেগম অভিযোগ করেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি কৌশলে গোয়েন্দা পুলিশ দিয়ে ফেনসিডিল উদ্ধারের নাটক সাজিয়েছেন।তবে এসআই দেলোয়ার হোসেন বলেন, রিনা ও তাঁর স্বামীকে আটক করে তিনি কোনো অন্যায় করেননি।যুবলীগের নেতা জিয়াউল আহসান দাবি করেন, রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।গত রোববার পিরোজপুর-পাড়েরহাট সড়কের ভাইজোড়া এলাকা থেকে কলেজছাত্রী রিনা ও তাঁর স্বামী হাবিবুল্লাকে সাত বোতল ফেনসিডিলসহ আটক করে গোয়েন্দা পুলিশ। রিনা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী।