পিরোজপুরে খুনের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক শহিদ শেখকে (২০) হত্যার দায়ে সোহেল হাওলাদার (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোহেলকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। হত্যার পর আলামত নষ্টের জন্য তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

সোহেল হাওলাদার পিরোজপুর পৌর শহরের বড় খলিশাখালী গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার মোটরসাইকেলচালক শহিদের শেখের সঙ্গে সোহেল হাওলাদারের পরিচয় ছিল। সোহেল বাগেরহাটের নোনাডাঙ্গা এলাকায় বাস করতেন। ২০১০ সালের ২৯ আগস্ট সকালে সোহেল হাওলাদার বাগেরহাট থেকে পিরোজপুরের খলিশাখালী গ্রামের বাড়িতে যাওয়ার জন্য শহিদ শেখের মোটরসাইকেল ভাড়া করেন। দুপুরে সোহেল শহিদকে নিয়ে বাড়ি পৌঁছান। ডাব খাওয়ানোর কথা বলে শহিদকে নিয়ে পার্শ্ববর্তী ওদনকাঠী গ্রামে তাঁর বাগানবাড়িতে নিয়ে যান। বাগানে গিয়ে পেছন দিক থেকে শহিদের মাথায় দায়ের কোপ দেন ও শ্বাসরোধে তাঁকে খুন করেন। এরপর মোটরসাইকেল নিয়ে সোহেল পালিয়ে যান। পরদিন মোটরসাইকেলের মালিক লিটন শেখ শহিদকে খুঁজে না পেয়ে সোহেলের বাড়ির ঠিকানা সংগ্রহ করে পিরোজপুরে আসেন। বাগানে গিয়ে ডোবার মধ্যে শহিদের লাশ দেখতে পেয়ে লিটন শেখ পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় লিটন শেখ বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ সোহেলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর সোহেল পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চৌধুরী মো. মাহাবুবুর রহমানের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই বছরের ২২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদল কৃষ্ণ সোহেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামিপক্ষে ছিলেন দেলোয়ার হোসেন।