পিরোজপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা?
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের খোন্তাকাটা এলাকায় গত বুধবার মাকসুদা আক্তার (১৯) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে মাকসুদা আক্তারের লাশের ময়নাতদন্ত হয়েছে। তিনি খোন্তাকাটা এলাকার শেখ মুজিবর রহমানের মেয়ে।
মুজিবর রহমান অভিযোগ করে বলেন, ‘গত বছর একই গ্রামের গাজী জাহিদুল ইসলাম ওরফে রানার সঙ্গে মাকসুদার বিয়ে দিই। বিয়ের পর থেকে এ পর্যন্ত রানাকে ২৪ হাজার টাকা দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে চাকরির জন্য ১০ হাজার টাকা নিতে মাকসুদাকে আমার বাড়িতে পাঠায় রানা। আমাকে না পেয়ে মাকসুদা তার মাকে টাকা দিতে বলে শ্বশুরবাড়িতে ফিরে যায়। তবে টাকা না নিয়ে যাওয়ায় মাকসুদাকে মারধর করে রানা। বুধবার সন্ধ্যায় প্রতিবেশীর মাধ্যমে এই খবর পেয়ে তার বাড়িতে যাই।’
মুজিবর রহমান বলেন, ‘বাড়ির লোকজন জানান, মাকসুদা বিষপান করায় তাকে বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে শুনি, তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বাগেরহাটে এসে মেয়েকে মৃত অবস্থায় পেয়েছি।’