পিরোজপুরে চরমপন্থী পরিচয়ে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনযুদ্ধের পরিচয়ে পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ কয়েকজন কর্মকর্তার কাছে মুঠোফোনে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।এলজিইডি পিরোজপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আযাদ জানান, ১৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে এয়ারটেলের একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনে নিজেকে জনযুদ্ধের প্রধান নাম সিকদার মহিউদ্দিন পরিচয় দিয়ে বলা হয়, তাদের তিনজন লোক মারা গেছে। ১৪ জন ভারতের হাসপাতালে চিকিৎসাধীন। তাদের চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকার প্রয়োজন। এ টাকা তাদের সংগ্রহ করে দিতে বলা হয়েছে।পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আ. হাই বলেন, একই ধরনের ফোন তাঁকেসহ স্বরূপকাঠি উপজেলা প্রকৌশলী ফোরকান সিকদার, ভান্ডারিয়া উপজেলা প্রকৌশলী আ. মান্নান, নাজিরপুর উপজেলা প্রকৌশলী হরলাল ঘোষ, পিরোজপুর সদর উপজেলা প্রকৌশলী হুমায়ন কবির, পিরোজপুরের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী রফিকুল হাসানকে করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত কর্মকর্তাদের কাছে চাঁদা চেয়ে ফোন আসে। নির্বাহী প্রকৌশলী বলেন, এ বিষয়ে ১৮ সেপ্টেম্বর পিরোজপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। ইতিমধ্যে একটি নম্বর শনাক্ত করা হয়েছে। যে ব্যক্তি চাঁদা চেয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।