পিরোজপুরে ছাত্রলীগের তিন নেতা-কর্মী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া হত্যার ঘটনায় থানা ছাত্রলীগের তিনজনকে বহিষ্কার করা হয়েছে। এঁরা হলেন ভান্ডারিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অর্পণ জমাদ্দার, সদস্য রুবেল খান ও অপু জমাদ্দার।গতকাল সোমবার জেলা ছাত্রলীগের এক সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সদর রোডের দলীয় কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইরতিজা হাসান ওরফে রাজু।গতকাল বিকেলে ভান্ডারিয়া বন্দরে সর্বদলীয় ঐক্যপরিষদের উদ্যোগে সুমন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল বের হয়। শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই এসে শেষ হয়। এরপর পথসভায় বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, ভান্ডারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, মন্টু হাওলাদার, লিয়াকত আলী তালুকদার ও এনামুল হক।প্রসঙ্গত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত শনিবার শহীদ মিনারে ব্যানার টানানোকে কেন্দ্র করে থানা ছাত্রলীগের আহ্বায়ক এহ্ছাম, সদস্য সুমন মিয়াসহ কয়েকজনের সঙ্গে অর্পণ জমাদ্দার ও তাঁর সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে সুমন মিয়া নিহত হন। এদিকে গতকাল বিকেল পর্যন্ত নিহত সুমনের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো হত্যা মামলা করা হয়নি বলে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানিয়েছেন।