পিরোজপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ একজন আহত
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সাজ্জাদুল হক (২০) নামের ছাত্রলীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাজ্জাদুল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্র।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবারের একটি ঘটনার জের ধরে মঙ্গলবার কলেজ ছাত্রসংসদের সহসভাপতি ফয়সাল মাহাবুব ও মাসুদ আহম্মেদের অনুসারীরা কলেজে ও শহরে মহড়া দেয়। রাতে সাজ্জাদুল হককে কুপিয়ে আহত করা হয়। সাজ্জাদুল ফয়সালের সমর্থক হিসেবে পরিচিত।ফয়সাল মাহাবুব জানান, কলেজে বহিরাগত ঠেকাও আন্দোলনে সাজ্জাদুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মুজিব বলেন, ছাত্রলীগের কোনো পক্ষ-বিপক্ষ নেই।পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ননী গোপাল জানান, সাজ্জাদুল হকের মাথায়, বাঁ কাঁধে, ডান হাতে ও তলপেটের ডান দিকে কোপ রয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গতকাল বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ গনেশ চন্দ্র অধিকারীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।