পিরোজপুরে জামায়াতের হামলায় দুই পুলিশ আহত, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের হামলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ও কনস্টেবল মীর মনির আহত হয়েছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর পিরোজপুর শহরের বাইপাস সড়কের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাইপাস সড়কের পাশে মাছিমপুর এলাকায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর নামে সাঈদী ফাউন্ডেশন মসজিদ। সাঈদীর মুক্তির দাবিতে গতকাল জুমার নামাজ শেষে ওই মসজিদের সামনে থেকে মিছিল বের করে জামায়াত। এ সময় সদর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ মিছিলকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর জামায়াতের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পাশের মুসলিম এইড হাসপাতালের সামনে থেকে পুলিশের ওপর অনবরত ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের তিনটি শেল ছোড়ে পুলিশ।জেলা জামায়াতের আমির তফাজ্জেল হোসেন দাবি করেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। সহকারী পুলিশ সুপার এম এন মোরশেদ জানান, জামায়াতের নেতা-কর্মীরা পুলিশের ওপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করেন। ঘটনাস্থল থেকে জামায়াতের তিন কর্মীকে আটক করা হয়েছে।