পিরোজপুরে তথ্য কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের শহীদ সেলিম সড়কে জেলা তথ্য কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসীদের হামলায় ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা আহত হয়েছেন। আহত কর্মকর্তার অভিযোগ, পিরোজপুর জেলা তথ্য কার্যালয় থেকে অন্যত্র বদলি করা এক কর্মচারীর স্ত্রী এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তাঁর ওপর হামলা চালিয়েছেন।আহত ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা এম এ খালেক হাওলাদার বলেন, ৫ অক্টোবর রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে সকাল সাড়ে ছয়টার দিকে তিনি কার্যালয়ে যান। কার্যালয়ের দরজা খুলে ভেতরে ঢোকার মুহূর্তে বেবি নামের এক নারী ও তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি তাঁকে দা দিয়ে কোপাতে শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান।আহত তথ্য কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা জানান, ‘বেবির স্বামী আবুল কালাম পিরোজপুর তথ্য কার্যালয়ের সাইন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে নীলফামারী তথ্য কার্যালয়ে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। এতে তাঁর স্ত্রী ক্ষুব্ধ হয়ে আমার ওপর হামলা চালিয়েছেন।’নীলফামারীতে কর্মরত সাইন অপারেটর আবুল কালাম দাবি করেন, তাঁর স্ত্রী তথ্য কর্মকর্তার ওপর হামলা চালাননি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবু যাহিদ জানান, বেবি ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।জেলা প্রশাসক মো. রুহুল আমীন ও পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত কর্মকর্তাকে দেখতে তাঁরা সদর হাসপাতালে যান।