পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন পটুয়াখালীর দুমকি উপজেলার সন্দেশদি গ্রামের মোসলেম হাওলাদার (৩৭) ও পটুয়াখালী সদর উপজেলার শিমুলবাগ গ্রামের রহিমা বেগম (৫২)।

মোসলেম হাওলাদারকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রহিমা বেগমকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৮ জানুয়ারি সকালে পিরোজপুর শহরের বলেশ্বর সেতু এলাকায় ট্রাফিক পুলিশ টেম্পোর যাত্রী মোসলেম হাওলাদারের কাছে ৪০ বোতল ও রহিমা বেগমের কাছে ২০ বোতল ফেনসিডিল পায়। এ ঘটনায় ট্রাফিক পুলিশ স্থানীয় থানায় মোসলেম ও রহিমার নামে মামলা করে। ওই বছরের ২৬ মে পুলিশ তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার পাঁচজনের সাক্ষ্য নেন আদালত।

সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জহুরুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে বিক্রির জন্য ফেনসিডিল পরিবহনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী সরদার ফারুক আহমেদ বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’